নিজস্ব প্রতিবেদক :
শুধু দেশে না, বিদেশে ভ্রমণে ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জুলাই যোদ্ধারা ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতেই পারেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর পর্যটন কর্পোরেশনের সম্মেলন কক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুলাইযোদ্ধাদের জন্য বিমানভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার কথাও জানান আফরোজা খানম রিতা। তিনি বলেন, ৩৬ শতাংশ ছাড়ের যে প্রস্তাব দেওয়া হয়েছে, আমি তার সঙ্গে একমত। এটি জুলাইযোদ্ধাদের প্রাপ্য। তারা যেখানে যেতে চান, সেখানে যাওয়ার সুযোগ থাকা উচিত। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে যেতে তাঁদের বিমানভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার বিষয়েও আমরা কাজ করব। জুলাই যোদ্ধাদের জন্য বিমানভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।
তিনি বলেন, ৩৬ জুলাইকে স্মরণীয় করে রাখার জন্য পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ৩৬ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে জুলাই যোদ্ধাদের। তাদের কর্মসংস্থানের সুব্যবস্থা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে মূল্যছাড় দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
আফরোজা খানম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধারা আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য অধ্যায়ের সাহসী অংশীদার। তাদের আত্মত্যাগকে কেবল আনুষ্ঠানিকভাবে স্মরণ করলেই হবে না; তাদের স্বপ্ন, প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে। শহীদ পরিবারের প্রতি সম্মান এবং আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।
তিনি আরো বলেন, জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন ও সম্মান দিতে হবে। শুধু একটি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে জুলাইয়ের স্মৃতিকে সীমাবদ্ধ রাখলে হবে না; শহীদ ও আহতদের পরিবারের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। আমাদের ছোট ছোট সন্তানরা দেশপ্রেম কী, দেশকে কীভাবে ভালোবাসতে হয় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কীভাবে আন্দোলন করতে হয় জুলাইয়ের আন্দোলন থেকে এসব শিক্ষা পেয়েছে। তাই আমাদের এই ইতিহাস চিরদিন মনে রাখতে হবে।
তিনি বলেন, যে মা সন্তান হারিয়েছেন, যে বাবা তার কাঁধে সন্তানের লাশ নিয়েছেন তারাই জানেন সন্তান হারানোর কষ্ট। আপনাদের অবদানের কারণেই আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। দেশকে ফ্যাসিস্টের দুঃশাসন থেকে রক্ষা করেছেন আমাদের জুলাই যোদ্ধারা।
বিমানমন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন খাত দেশের অর্থনৈতিক সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক সম্প্রীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে পর্যটন খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক, জনবান্ধব, নিরাপদ, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হবে।
জুলাইযোদ্ধাদের কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে চাকরির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যোগ্যতা অনুযায়ী জুলাই যোদ্ধাদের ওই বিজ্ঞপ্তিতে আবেদন করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, জুলাইয়ে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য চাকরির সুযোগ তৈরি করা প্রয়োজন। আমাদের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আছেন, তাদের অনেক সুযোগ আছে চাকরি দেওয়ার। জুলাইয়ে আহত দ্বিতীয়, তৃতীয় এমনকি চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরির সুযোগ দেওয়া যেতে পারে। একইভাবে জুলাইয়ে শহীদ পরিবারের সদস্য বা স্বজনদের চাকরির ক্ষেত্রেও কিছুটা সুযোগ করে দেওয়া যায়।
প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ নিতে পারলে আমাদেরও মনে শান্তি আসবে যে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জন্য আমরা কিছু করতে পেরেছি। সংশ্লিষ্ট সংস্থাগুলো এবং চেয়ারম্যান পর্যায়ের কর্মকর্তারাও এ বিষয়ে উদ্যোগ নিতে পারেন। প্রয়োজনে তাঁদের জন্য নির্দিষ্ট কোটা রেখে চাকরির ব্যবস্থা করা যেতে পারে। যারা জুলাইয়ের আন্দোলনে প্রাণ দিয়েছেন, তারা হয়তো এসব উদ্যোগের সুফল বুঝতে পারবেন না। কিন্তু তাদের পরিবারগুলো অন্তত বুঝতে পারবে যে সরকার শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কথা মনে রাখে এবং তাঁদের পাশে দাঁড়াতে প্রস্তুত।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা পর্যটন করপোরেশনের আওতাধীন সব হোটেল-মোটেলসহ বিভিন্ন সেবায় ৩৬ শতাংশ ছাড় পাবেন। তাঁদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পর্যটন করপোরেশন কাজ করবে। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাঁচজন করে মোট ১০ জন জুলাইয়ের আন্দোলনের স্মৃতিচারণ করেন। তারা আন্দোলনের সময়ের বিভিন্ন ঘটনা, ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণ করেন শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম, শহীদ আফিকুল ইসলাম সাদের বাবা মো. শফিকুল ইসলাম, শহীদ জোবায়ের আহমেদের স্ত্রী মোছা. মারজিনা আক্তার, জুলাই যোদ্ধা সানজিদা আহমেদ তন্বী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষ থেকে শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের হাতে প্রাইজবন্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
নিজস্ব প্রতিবেদক 























