নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় ভাটি বাংলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই বাসের চালকের সহকারী (হেলপার) মোহাম্মদ রফিক (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাসের দুই যাত্রী আহত হন।
শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন এখন চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রফিক ময়মনসিংহ সদরের নুর আলমের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ ফিরোজ (৪০) ও মোহাম্মদ রনি (২৫)।
তাদের হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিস কর্মী মোস্তফা কামাল জানান, আজ সকালের দিকে বনানীর আমতলী এলাকা থেকে ১০০ গজ দূরে ভাটিকা নামের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইলেন্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তাদের মধ্যে বাসের হেলপার রফিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুজন আহত যাত্রী মো. রনি (২৫) ও মো. ফিরোজ (৪০) জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রফিকের ভগ্নিপতি মো. রনি জানান, ভাটি বাংলা এক্সপ্রেস নামে যাত্রী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসের দুই যাত্রী ও হেলপার আহত হন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রনি জানান, নিহত রফিক ভাটি বাংলা বাসের হেলপার ছিলেন। ময়মনসিংহ সদর উপজেলায় তাঁর বাড়ি। তিন দিন আগে কাজে এসেছিলেন রফিক। আজ সকালেই বাড়ি ফেরার কথা ছিল তাঁর।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজনের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















