নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এই তথ্য জানান।
এক বিজ্ঞপ্তিতে শরিফুল আলম জানান, কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন। সবমিলিয়ে ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষক এবার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
চিঠিতে পর্যবেক্ষকদের তালিকা চূড়ান্ত করার বিষয় উল্লেখ করে বলা হয়, বিষয়টি সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে।
ইসির নিবন্ধনে বর্তমানে ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা রয়েছে।
এসব পর্যবেক্ষক সংস্থার কতজন পর্যবেক্ষক কোন আসনের কোন জেলার কোন উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে শুধুমাত্র কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেওয়া হবে। অনুমোদিত স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার স্ব-স্ব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, তিনশ জনের মতো বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক ভোট পর্যবেক্ষণ করবেন।
নিজস্ব প্রতিবেদক 














