নিজস্ব প্রতিবেদক :
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি ওই বক্তব্যকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিলুফার চৌধুরী মনিকে ‘প্রিয় আপা’ সম্বোধন করে প্রতিক্রিয়া জানান ছাত্রদল সভাপতি।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন সক্রিয় সহযাত্রী এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া তার বক্তব্যে তারা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন।
তিনি বলেন, আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমরা জানি, আপনি জুলাইয়ের চেতনায় বিশ্বাসী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে ভবিষ্যতে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।
প্রসঙ্গত, সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি প্রশ্ন তোলেন, জুলাই আন্দোলনে স্নাইপার চালিয়েছিলেন কারা। তিনি বলেন, অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না। কারণ অনেক কিছু বললে অনেকের কাপড়-চোপড় ঠিক থাকবে না। যারা আজ কথা বলে, তারা কখন কোথায় কীভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিল। তাদের কতটা ভূমিকা ছিল। যাদের বলা হয় যে তারাই (আন্দোলনের) মেইন। এই আন্দোলনে কারা মেইন ছিল, কেউ জানে না। আন্দোলনে অংশ নেওয়াদের একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে; পাশের একজন পড়ে গেছে। মনে করছে যে নরমাল পড়েছে। আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে সেটাও জানে না। গুলির কোনও শব্দ হয় নাই, এটা স্নাইপারের গুলি ছিল। অনেকেই যারা পড়ে গেছে।
তখন সঞ্চালক প্রশ্ন করেন, তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল বা ষড়যন্ত্র?’ জবাবে নিলোফার চৌধুরী বলেন, ‘ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কিনা আমি বলতে পারবো না।
জুলাই আন্দোলনে এমন নিঃশব্দে হত্যাযজ্ঞ কারা চালিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কারা মারলো, কেউ জানে না। সামনে কোনো পুলিশও ছিল না। পুলিশের গুলি হলে তো সামনেই হতো। হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, ওপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে। আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই।
নিজস্ব প্রতিবেদক 
























