কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে জেলার নাজিরারটেক উপকূলের কাছে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেলেরা হলেন- কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়ার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম। নিখোঁজ জেলেরা হলেন- জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে মহিবুল্লাহ এবং খোন্দকারপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে নুরুল আলম।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, মহেশখালীর কুতুবজোম এলাকার বাসিন্দা ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোররাতে নাজিরারটেক উপকূলের কাছে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ ও সাইফুলের লাশ উদ্ধার করা সম্ভব হলেও পানির তোড়ে ভেসে যাওয়া নুরুল আলম ও মুহিব উল্লাহর কোনো সন্ধান মেলেনি। তবে দুর্ঘটনার সময় ট্রলারে ঠিক কতজন জেলে ছিলেন তা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে জানা যায়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভোরে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের তাণ্ডবে ফিশিং ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরে ও অন্য ট্রলারের সহায়তায় নিরাপদে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন। পরে স্থানীয়দের সহায়তায় ২ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য দুই জেলেকে উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের তৎপরতা অব্যাহত রয়েছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কক্সবাজার জেলা প্রতিনিধি 






















