নিজস্ব প্রতিবেদক :
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার (১৫ জানুয়ারি)। এদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।
রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে মন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি সাংবাদিকদের জানান।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রথম দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। যদিও শুক্রবার টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে নতুন মন্ত্রীদের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী।
এদিকে নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ সকাল থেকে প্রথম দিনের অফিস শুরু করেছেন। শুভেচ্ছা বিনিময় করে দায়িত্ব বুঝে নিয়েছেন তারা।
শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে মন্ত্রিপরিষদের বৈঠক হলেও সেটা ছিল অনানুষ্ঠানিক।
বৃহস্পতিবার মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যায় শপথও নেন নতুন সদস্যরা। এরপর তাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে আওয়ামীলীগ। সেদিনের ভোটে আওয়ামী লীগ ২২২টি আসনে জয় পায়। স্বতন্ত্র প্রার্থীরা জয় পায় ৬২ আসনে।
এছাড়া জাতীয় পার্টি ১১টি, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পায়। একটি আসনে জয় পায় বাংলাদেশ কল্যাণ পার্টি।
গত বুধবার ২৯৮ জন সংসদ সদস্য স্পিকারের কাছ থেকে শপথ নেন। সেদিনই আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একই দিন বিকেলে শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে টানা চতুর্থ মেয়াদে তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। পরে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়।
নিজস্ব প্রতিবেদক 









