স্পোর্টস ডেস্ক :
প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-তে ডাক পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রতিযোগিতার পঞ্চম আসরকে সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ তাকে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করেছে।
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এই ফ্র্যাঞ্চাইজির মালিক ভারতের সান গ্রুপ। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের মালিকানাও তাদের।
স্কোয়াডে বিদেশি কোটায় যে দুজন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের একজন রিশাদ। অন্যজন হলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্শ; তিনিও এই টুর্নামেন্টে প্রথমবারের মতো মাঠে নামবেন।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকেও দলে অন্তর্ভুক্ত করে শক্তি বাড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত এসএ টোয়েন্টির চার আসরের তিনটিরই শিরোপা জয়ী দল তারা।
দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে ইতোমধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন রিশাদ। এখন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে খেলার হাতছানি ২৪ বছর বয়সী ক্রিকেটারের সামনে।
সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
পঞ্চম আসরের জন্য ছয় ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা ও নিলামের আগে চুক্তিবদ্ধ করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বুধবার। ডারবান’স সুপার জায়ান্টস ও পার্ল রয়্যালস ইতোমধ্যে তাদের ১৯ সদস্যের দল গঠন সম্পন্ন করেছে। আগামী ৭ অক্টোবরের নিলামে বাকি চার ফ্র্যাঞ্চাইজিতে দল পাবেন ২০ জন ক্রিকেটার।
সরাসরি চুক্তিতে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটকে দলে নিয়েছে পার্ল রয়্যালস। আরেক ইংলিশ ক্রিকেটার স্যাম কারানকে নিয়েছে ডারবান’স সুপার জায়ান্টস। আরেক ইংলিশ অলরান্ডার উইল জ্যাকস প্রিটোরিয়া ক্যাপিটালস ছেড়ে এমআই কেপ টাউনে যোগ দিয়েছেন।
গত চার আসরে দলকে নেতৃত্ব দেওয়া ফাফ দু প্লেসিকে ছেড়ে দিয়েছে জোবার্গ সুপার কিংস। শুরু থেকে দলটির সঙ্গে থাকা আরেক দক্ষিণ আফ্রিকান গ্রেট ইমরান তাহিরের সঙ্গেও তারা সম্পর্ক ছিন্ন করেছে। তারা দলে নিয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে।
পঞ্চম আসর শুরু হবে আগামী বছরের ১৭ জানুয়ারি। উদ্বোধনী ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। ফাইনাল হবে ২১ ফেব্রুয়ারি।
ছয়টি ফ্র্যাঞ্চাইজির বাকি জায়গাগুলো পূরণের জন্য আগামী ৭ অক্টোবর একটি মিনি-নিলাম অনুষ্ঠিত হবে। সবশেষ এই সাইনিংগুলোর পর সানরাইজার্স ইস্টার্ন কেপের স্কোয়াডে আর মাত্র দুটি জায়গা খালি রয়েছে।
সানরাইজার্স ইস্টার্ন কেপ স্কোয়াড: জেমস কোলস, লুইস গ্রেগরি, রিশাদ হোসেন, মিচেল মার্শ, অ্যাডাম মিলনে, ম্যাথু ব্রিটজকে, কুইন্টন ডি কক, জর্ডান হারম্যান, প্যাট্রিক ক্রুগার, সেনুরান মুথুসামি, অ্যানরিখ নরকিয়া, লুথো সিপামলা, ট্রিস্টান স্টাবস, মিচেল ভ্যান বুরেন, সিজে কিং, জেপি কিং ও মার্কো ইয়ানসেন।
স্পোর্টস ডেস্ক 
























