নিজস্ব প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় বা একদিনে হামের উপসর্গে দেশে আরও পাঁচজন শিশু নিহত হয়েছে। এই সময়ে নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৯৫৯ জন।
বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এ সময়ে পরীক্ষায় কারো হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২৪ জনের হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে রোগীর সংখ্যা ৩৯৪। এ ছাড়া চট্টগ্রামে ১৯৪, সিলেটে ১১৯, বরিশালে ১১৪, খুলনায় ৬০, ময়মনসিংহে ৩৭, রাজশাহীতে ৩১ এবং রংপুরে ১০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 






















