নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে এ বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খানের সভাপতিত্বে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।
বৈঠকে ওআইসির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই, সংস্থাটির হেড অব ইলেকশন ইউনিটের শাকির মাহমুদ বান্ডার ও ক্যাবিনেট অব সেক্রেটারি জেনারেল আদমউ মোহাম্মাদ।
ইসির পক্ষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এদিকে দুপুরে কমনওয়েলথের ছয় সদস্যের একটি দলের সঙ্গে বৈঠক করে ইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে সচিব মো. জাহাংগীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
পরে এ বিষয়ে এক ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার বলেন, কমনওয়েলথের প্রতিনিধি দল নির্বাচনের সামগ্রিক বিষয়ে জানতে চেয়েছে, আমরা ব্রিফ করেছি। তারা আমাদের ভোট আয়োজনে সন্তুষ্ট।
তিনি বলেন, কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধির সঙ্গে আমরা বৈঠক করেছি। তাদের জানার কিছু বিষয় ছিল, তা আমরা জানিয়েছি। ভোটের প্রসেস ও চ্যালেঞ্জের বিষয়ে জানতে চেয়েছে। ভোটারদের অংশগ্রহণে চ্যালেঞ্জ আছে কি না কমনওয়েলথ জানতে চেয়েছে। তখন আমরা বলেছি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে আছেন। এতে আশ্বস্ত হয়েছেন কমনওয়েলথ সদস্যরা।
বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। এতে অংশ নেয় কমনওয়েলথের পক্ষে ছয় সদস্যের একটি দল। এ দলে ছিলেন জামাইকার সাবেক প্রধানমন্ত্রী এইচই অরিত্রি ব্রুস গোল্ডিং, ক্যামেরুনের সাবেক চেয়ারম্যান ইলেকশন কমিশনার ড. সামিউল আজিউ ফনকাম, নাইজেরিয়ার সাবেক চেয়ারম্যান অব ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকট্রোরাল কমিশন প্রোফেসর আত্তাহিরু মোহাম্মদ জেগে, কলোম্বো বিশ্ববিদ্যালয়ের পাবলিক ও আন্তর্জাতিক লয়ের প্রোফেসর ওয়ালিগমা ভিদানা আরচেঙ্গা ডেনিস, গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপদেষ্টা এবং প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস।
নিজস্ব প্রতিবেদক 














