নিজস্ব প্রতিবেদক :
ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময় রাজধানীবাসীর যাতায়াত সহজ করতে নিরবচ্ছিন্ন মেট্রোরেল সেবা পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদের আগে ও পরে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) প্রতিদিন গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল।
বুধবার (৩ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগে ও পরে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মেট্রোরেল নিরবচ্ছিন্ন সেবা প্রদান করেছে। এ সময় ঈদের দিন ছাড়া অন্য দিনগুলোতে নির্ধারিত হেডওয়ে অনুযায়ী প্রতিদিন ১৪০টি ট্রিপ পরিচালনা করা হয়।
যাত্রী চাহিদা বেড়ে গেলে তাৎক্ষণিকভাবে ট্রিপ সংখ্যা বাড়ানোর লক্ষ্যে ১০টি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছিল। একই সঙ্গে সরকারি ছুটির মধ্যেও ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া মেট্রোরেল সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।
সুষ্ঠু, নিরাপদ ও নিরবচ্ছিন্ন মেট্রোরেল পরিচালনায় সহযোগিতা করায় যাত্রী ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ডিএমটিসিএল।
প্রতিষ্ঠানটি ঈদকে কেন্দ্র করে রাজধানী থেকে ঘরমুখো ও ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের যাতায়াতে মেট্রোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।
নিজস্ব প্রতিবেদক 























