নিজস্ব প্রতিবেদক :
সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি বলেন, সরকারি কর্মচারীদের জ্ঞান ও দক্ষতার সঙ্গে সেবামূলক মানসিকতা নিয়ে জনগণের সেবা করতে হবে। ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গঠনে কর্মকর্তাদের সক্ষম হতে হবে। সরকার আর্থিক সচ্ছলতার দিকে নজর দিচ্ছে এটাতে সবাইকে মনোনিবেশ করতে হবে।
রোববার (২১ জানুয়ারি) শেরেবাংলা নগরে সমাজকল্যাণ অধিদপ্তরে ৫৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যক্তিগত দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রা দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে হবে। নীতি নৈতিকতা ঠিক রেখে সেবা দেওয়ার মন মানসিকতা গড়তে হবে। একার পক্ষে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়, সবাই মিলে কাজ করতে হবে। এজন্য সবাইকে পরিশ্রম করতে হবে। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে হবে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সেবা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল কাজ। কিন্তু তৃণমূল মানুষের এ কাজ করতে গিয়ে কোনো অভিযোগ যেন না শুনি। কোথাও ফাইল আটকে রাখার খবর যেন না শুনি। এ ধরনের কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না।
দীপু মনি বলেন, তৃণমূল সাধারণ মানুষের সেবা, সুরক্ষা, কর্মসংস্থানসহ নানাবিধ সুবিধা সমাজসেবা অধিদপ্তর কাজ করে থাকে। এ কাজ করতে গিয়ে কোথাও যেন কারও বিরুদ্ধে অভিযোগ শুনতে না পাই। আমি রাজনীতির মানুষ। আমি সারা দেশ চষে বেড়ানোর মানুষ। আমি জেলা উপজেলা এমনকি গ্রামে পর্যন্ত ঘুরে বেড়াব। সাধারণ মানুষের কাছ থেকে যেন শুনতে না পাই আপনারা অমুক কর্মকর্তা সাধারণ মানুষকে সেবা দিতে হয়রানি করেন। ফাইল আটকে রাখেন। এ ধরনের অভিযোগ ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বয়সেও দিনে ১৬-১৭ ঘণ্টা কাজ করতে পারেন। আপনাদের দিনে যে কর্মঘণ্টা তা যথাযথভাবে পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা থাকবে।
সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম শেখ। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 









