নিজস্ব প্রতিবেদক :
স্মার্ট বস্ত্র ও পাটখাত তৈরিতে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করব বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে সৌজন্য সাক্ষাতে গেলে ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ সামনে রেখে পাট ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নের কাজ করতে হবে। দেশের বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, কর্মংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাব।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালে রাজধানীর মোহাম্মদপুর আসন (ঢাকা-১৩) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নানক। ২০০৯ সালে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এ রাজনীতিক।
নিজস্ব প্রতিবেদক 









