নিজস্ব প্রতিবেদক :
পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেটে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর তিন শতাধিক আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে শহরজুড়ে হঠাৎ তীব্র আবাসন সংকট তৈরি হয়েছে, ফলে সেখানে অবস্থানরত এবং বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকেরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপ-হাইকমিশন থেকে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বাংলাদেশি নাগরিকদের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত করে কলকাতায় ভ্রমণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উপ-হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ আগস্ট কলকাতায় একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার পর ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কলকাতার স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ ও অনিরাপদ আবাসিক হোটেল এবং রেস্তোরাঁসমূহ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
স্থানীয় নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে বন্ধ হওয়া এসব হোটেল পুনরায় চালু হতে এক মাসের অধিক সময় লেগে যেতে পারে বলে কলকাতার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এমন পরিস্থিতিতে অগ্রিম আবাসন ব্যবস্থা নিশ্চিত না করে কলকাতায় পৌঁছালে বাংলাদেশিদের তীব্র আবাসন সংকটে পড়ার বড় আশঙ্কা রয়েছে।
উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে চিকিৎসা বা অন্য যেকোনো প্রয়োজনে কলকাতা ভ্রমণের আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং শতভাগ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে হোটেলটির বর্তমান কার্যক্রম সচল রয়েছে কি না, কক্ষের প্রাপ্যতা কেমন এবং হোটেলটির সঠিক অবস্থান সম্পর্কে যথাযথভাবে অবগত হয়েই তবে যাত্রা শুরু করতে হবে।
বিশেষ করে যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাচ্ছেন, তাদের রোগীর সফরসঙ্গীদের কলকাতায় আসার আগেই আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া হোটেলের বুকিংয়ের বৈধতা, সংশ্লিষ্ট হাসপাতাল থেকে হোটেলের দূরত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়টিও কলকাতায় পৌঁছানোর পূর্বেই নিশ্চিত হয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 





















