মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরে পথচারী এক বাবা ও তার শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আসামি বহন করা পুলিশের একটি গাড়ি মহাসড়কে উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। দুই আসামি, চার পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই পুলিশ সদস্যের নাম মো. আব্দুস সালাম (৫৩)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের গজারিয়া পশ্চিম করণশীল এলাকার বারেক ভূঁইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর থানার অধীনে থাকা ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
আহতেরা হলেন—মাদারীপুর সদর উপজেলার পখিরা গ্রামের পথচারী ইব্রাহিম সরদার ও তাঁর মেয়ে ইলমা। আসামি-শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের রেজ্জেক চোকদারের ছেলে সুলতান চোকদার, একই গ্রামের রুবেল চোকদার, ফরিদপুরের ভাঙ্গার আব্দুল হালিমের ছেলে নুরুজ্জামান। পুলিশ সদস্য-ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মোজাম্মেল হক (৪৫), কনস্টেবল সোহেল মাতুব্বর (৩৫), কনস্টেবল শামীম মিয়া (৩৪), কনস্টেবল হাসান হোসেন (২৫) ও কনস্টেবল শরীফুল ইসলাম (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবচর থানার একটি মামলায় গ্রেপ্তার তিন আসামির রিমান্ডের জন্য মাদারীপুর আদালতে হাজির করা হয়। আদালত তাদের রিমান্ড মঞ্জুর করলে পুলিশ সদস্যরা আসামিদের নিয়ে শিবচর থানায় যাচ্ছিল। গাড়িটি মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পখিরা এলাকায় পৌঁছালে শিশু ইলমা ও তার বাবা ইব্রাহীম সরদার রাস্তা পারাপার হচ্ছিলেন। তাদের বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় ওই শিশু, তার বাবাসহ পুলিশের গাড়িতে থাকা পুলিশ সদস্যরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক পুলিশ সদস্যকে মৃত ঘোষণা করেন। আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একসঙ্গে ১০ জনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই এক পুলিশ সদস্য মারা গেছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবার গুরুতর আঘাত রয়েছে। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের হাসপাতালে নিয়ে আসা পখিরা এলাকার বাসিন্দা মো. সুলতান বলেন, হঠাৎ দেখি পুলিশ একটি গাড়ি রাস্তায় উল্টে যায়। মূলত ওই শিশুটি ও তার বাবা বেখেয়ালিভাবে রাস্তা পারাপার হচ্ছিল। তাই পুলিশের গাড়িরচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। পরে আহতদের উদ্ধার করে দুটি অটোতে করে হাসপাতালে নিয়ে আসি।
শিশু ইলমার মামী তানিয়া বেগম বলেন, ইনমার মা হাসপাতালে ভর্তি। তাকে দেখতে ইনমা ও তার বাবা হাসপাতালে আসছিল। পথে কি থেকে কি হয়ে গেল বুঝলাম না। দুজনের অবস্থাই খুব খারাপ। ডাক্তার তাদের ঢাকা নিয়ে যেতে বলেছে। আমরা গরীব মানুষ কি থেকে কি করবো বুঝতে পারছি না।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, পুলিশের একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ ঘটনায় আমাদের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরো চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে খবর পেয়ে পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন।
মাদারীপুর জেলা প্রতিনিধি 























