মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৬ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের সহায়তায় সরকারিভাবে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ১৬ জন নিহত, আহত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের মাঝে সর্বমোট ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। জেলার ১২ জন নিহত পরিবারের মাঝে ৫ লাখ করে ৬০ লাখ টাকা এবং আহত ৪ জনকে ১ লাখ টাকা করে ৪ লাখ টাকার চেক প্রদান করা হয়।
বিআরটিএর পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার কে ৫ লাখ, মারাত্মকভাবে আহত বা পঙ্গুত্ববরণকারিকে ৩ লাখ এবং আহত ব্যক্তিকে ১ লাখ টাকা দেওয়া হয়। দুর্ঘটনার তিন মাসের মধ্যে বিআরটিএ অফিসে নির্দিষ্ট ফরম পূরণ করে তা জমা দিতে হয়।
এসময় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ-র পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) কাজী নাহিদ ইভা, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মরিয়ম রকিব, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব সুমন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি নাজমুন নাহার।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি 






















