বগুড়া জেলা প্রতিনিধি :
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) গুরুত্বপূর্ণ কাজের জন্য উত্তরাঞ্চলের পাঁচ জেলার কর্মকর্তাদের এত দিন রংপুরে যেতে হতো। তাঁদের ভোগান্তি কমাতে বগুড়ায় সওজের নতুন সড়ক জোন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে বগুড়া সড়ক জোনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৬ (বগুড়া সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
সওজ সূত্রে জানা গেছে, নতুন এই সড়ক জোনের আওতায় বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার জাতীয় এবং আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ পরিচালিত হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়গুলোও এই জোনের মাধ্যমে সমন্বয় করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন সড়ক জোন চালু হওয়ায় পাঁচ জেলার সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনার কাজে সমন্বয় বাড়বে। গুরুত্বপূর্ণ কাজের জন্য রংপুরে যাতায়াতের প্রয়োজন কমবে। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনের পর সড়ক ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বগুড়া জেলা প্রতিনিধি 






















