নিজস্ব প্রতিবেদক :
জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩১ জনের প্রাণহানি ঘটেছে। জুলাইয়ে নিহতদের মধ্যে ১৩ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী। চলতি বছরের জুন থেকে জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। তুলনামূলকভাবে কম দুর্ঘটনা ঘটেছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়। জুলাই মাসে সিলেট বিভাগে ২৮ সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে জুলাই মাসের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেলচালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব এবং সড়কে নির্মাণত্রুটিকে উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে জুলাই মাসে সিলেট বিভাগে ২৮ সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। জুলাই মাসে সিলেট জেলায় ১৫ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় চার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১২ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় পাঁচ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ্বল বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে নয় সড়ক দুর্ঘটনায় ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ছয় সড়ক দুর্ঘটনায় ছয়জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, আটটি সড়ক দুর্ঘটনায় নযজন চালক এবং ছয় সড়ক দুর্ঘটনায় ছয়জন পথচারী নিহত হয়েছেন।
এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে পাঁচ দুর্ঘটনায় ছয়জন, মুখোমুখি সংঘর্ষে সাত দুর্ঘটনায় আটজন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাতে ২টি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। জুলাই মাসে নিহত ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশু রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। জুন মাসে সিলেট বিভাগে ২৯ সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 






















