নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলার বন্দর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা বাইকের আরোহী ছিলেন। আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও গুরুতর।
সোমবার (১ জুন) সকালে উপজেলার বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন এবং নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে হীরা। এ সময় সাইফুল ইসলাম নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, সকালে তিনজন একটি মোটরসাইকেলে করে নাটোর থেকে সিংড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে মোটরসাইকেলে থাকা সবাই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ট্রাকের নিচে চাপা পড়েন জীবন আলী ও হিরা। এতে ঘটনাস্থলেই জীবন ও হিরা মারা যান। আহত হন সাইফুল ইসলাম নামের একজন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি মাহাবুবুর রহমান আরও জানান, ঘটনার পর ট্রাকটি দ্রুতগতিতে চলে যায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
নাটোর জেলা প্রতিনিধি 













