ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে মো. আল আমিন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ত্রিশাল উপজেলার মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১) ও জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা খাতুন ও ছেলে রিয়াদ (২৫) এবং আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮)।
মামলার বিবরণে জানা যায়, মোক্ষপুর সেনের হাফিজুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে জসিম উদ্দিন গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে জসিম উদ্দিন ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হাফিজুল ইসলামের বাড়িতে হামলা চালান। বাড়িতে হাফিজুল ও তার ভাইয়েরা অনুপস্থিত থাকায় প্রবাসী ভাই কামরুজ্জামানের স্ত্রী নূরজাহানের ওপর হামলা ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় তার ছেলে আলামিন ফেরাতে গেলে তাকে কুপিয়ে হত্যা করেন অভিযুক্তরা। পরদিন নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ত্রিশাল থানায় হত্যা মামলা করেন। ওই দিনই আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
১৫ জনের সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক-শুনানি শেষে আসামিদের দোষী সাব্যস্ত করে পাঁচ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন মো. মাহবুব আলম মামুন, আসামিপক্ষে ছিলেন আবুল কালাম আজাদ এবং রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন আকরাম হোসেন।
ময়মনসিংহ আদালতের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানান, ত্রিশালের ওই হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
























