নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার সাধুবাদ জানায়। তবে স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে। এর বাহিরে কিছু হলে, বিএনপি সরকার সায় দেবে না।
তিনি বলেন, বাংলাদেশ শুরু থেকেই বলেছে বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক করতে চায়। আমাদের প্রধানমন্ত্রী সকল দেশের সঙ্গে সার্বভৌম রক্ষার ভিত্তিতে সম্পর্ক রাখবেন। তিনি সব দেশে যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রন জানাবো।
তিনি বলেন, শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হলে প্রত্যেকের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিশ্বাস করতে হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রতারণা, ভণ্ডামি ও মিথ্যা আশ্বাস ছিল আওয়ামী লীগের নীতি। এটাই ছিলো আওয়ামী লীগের কালচার। আর বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা, ওয়াদা রক্ষা করা।
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবকদল মাঠে থাকবে বলে আশা করেন রিজভী।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল উপস্থিত ছিলেন।
এছাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক 
























