রংপুর জেলা প্রতিনিধি :
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে, কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে আজ সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করে সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচ-পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে।
মির্জা ফখরুল বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে। দল যাকে সবচেয়ে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল মনে করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো মন্তব্য নেই।
বিএনপি পাঁচবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে, কোনো ধরনের জুলুম বা ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় আসেনি। তাই বিএনপিকে ফ্যাসিবাদী দল বলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল। আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না তা তাদের দলের নেতারাই বিবেচনা করবেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বেসরকারি চাকরিজীবীদের প্রার্থী হওয়ার বিষয়ে নির্বাচন কমিশন কিছু পরিকল্পনা করছে। এটি নির্বাচন কমিশনের নিজস্ব বিষয়। এ প্রক্রিয়ায় বিএনপি কোনো ধরনের হস্তক্ষেপ করছে না।
বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব অথবা মানসিকতা সেভাবেই তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক, উদারপন্থী রাজনৈতিক দল।
মির্জা ফখরুল বলেন, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হবে।
এসময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এরপর মন্ত্রী রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লীমেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন। পরে তিনি বিআরডিবি’র সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান দেন।
রংপুর জেলা প্রতিনিধি 





















