নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে থেকে প্রধান নির্বাচনি কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি ও এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিলের বিস্তারিত তথ্য জানিয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে)। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট রোববার) সকাল ১০টা থেকে (ইসি ভবনে)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের তারিখ ও সময় ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (জাতীয় সংসদের অধিবেশন কক্ষে)।
ইসি সচিব আরও জানান,রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার মাননীয় স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। তিনি নিশ্চিত করেন, ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা প্রস্তুতের কাজও শেষ হয়েছে।
তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নিয়ম অনুযায়ী চলবে বলেও জানিয়েছে ইসি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কেবল নির্বাচনের তফসিলটি প্রকাশ করা হয়েছে। আগামী দিনগুলোতে নির্বাচনী প্রক্রিয়ার হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হবে।
নিজস্ব প্রতিবেদক 




















