নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকালে তাদেরকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- সজীব সরদার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, আলী রাজ হোসাইন, মো. কবির হোসেন, মো. স্বপন, মো. সিরাজ, হেলাল হোসেন ও আসাদ উদ্দিন।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন নিলয় বলেন, ভোর থেকে আমরা আসাদগেট কলেজ গেট এলাকায় পাহারা দিচ্ছিলাম। কেউ মিছিল করতে এলেই তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করব।
তিনি বলেন, সকালের দিকে কলেজ গেটে কয়েকজন মিছিল বের করলে আমরা ধাওয়া দিয়ে তাদেরকে আটক করি। পরে পুলিশকে খবর দিলে তারা এলে আমরা আটক করা আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশের কাছে হস্তান্তর করি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, আজকে কলেজ গেট এলাকায় মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের ১০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 
























