রংপুর জেলা প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে লিমন মিয়া (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে আখিরা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
লিমন মিয়া মাদারপুর গ্রামের গোফফার আলীর একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোফফার আলী বাড়ির পাশে আখিরা নদী পার হয়ে নিজের জমিতে কাটা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতে তিনি ডুবে যেতে থাকেন। এসময় বাঁচার জন্য চিৎকার শুরু করেন তিনি। তীরে থাকা ছেলে লিমন মিয়ার সাঁতার ভালো জানা না থাকলেও বাবাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু বাবার কাছে পৌঁছানোর আগেই তিনি নিজেই স্রোতের টানে তলিয়ে যান। পরে স্থানীয়রা লিমনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যদিকে, লিমনের বাবা গোফফার আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাদারপুর গ্রামের মাহমুদুল বলেন, লিমনের বাবাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জানে না তার রক্তের ধন আর এ পৃথিবীতে নেই। বাপ-চাচাদের বংশের একমাত্র ছেলে ছিল লিমন। সে সাঁতার কম জানতো, তবুও বাবার জীবন বাঁচাতে প্রবল স্রোতে নদীতে লাফিয়ে পড়ে।
রামনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ জালাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর জেলা প্রতিনিধি 




















