নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর সবুজবাগে অজ্ঞাত নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২-৩ দিন আগে নারীটিকে হত্যার পর মরদেহ খণ্ডিত করা হয় বলে ধারণা প্রশাসনের।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মুজিবুর রহমান এরই মধ্যে গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আজ সকাল ৯টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে। বাকি অংশ এখনো পাওয়া যায়নি।
তিনি বলেন, খণ্ডিত মরদেহ দেখে বোঝা যায় এটি একজন নারীর মরদেহ। আমাদের ধারণা, ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। আমরা বিশেষজ্ঞ টিমকে আসতে বলেছি। হাতের আঙুলের ছাপ নিয়ে নিহতের পরিচয় জানার চেষ্টা করব। এ বিষয়ে আমাদের আইনি কার্যক্রম চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























