ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নবীনগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম এলাকার রফিক মিয়ার ছেলে ছাত্রদল কর্মী রাব্বি (২১) ও উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দড়ি শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২২)। এই ঘটনায় নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত রিমন (২৭) ও মাসুম (২৫) নামের আরও দুইজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিমন মোটরসাইকেলে রাব্বিকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে নারুইয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে রাব্বি ও আরেক মোটরসাইকেলে থাকা মাহিম নামের দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. সিফাত জানান, দুর্ঘটনার কবলে পড়া দুজনকে মৃত অবস্থাতে আনা হয়। আহতদেরকে ভর্তি দেওয়া হয়েছে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমি ব্রাহ্মণবাড়িয়া সদরে আছি। আমি ঘটনাটি অবগত নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি 























