নিজস্ব প্রতিবেদক :
বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, বিদ্রোহ সংগঠন বা বিদ্রোহ সংগঠনের প্ররোচনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে খসড়া আইনে। আগের আইনে বিদ্রোহের বিষয়টি ছিল না।
নতুন আইনে অপরাধ বিচারের জন্য সংক্ষিপ্ত আনসার আদালত এবং বিশেষ ছাড় আদালত নামে দুটি আদালত গঠিত হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
ভুয়া সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে অনেকে বিদেশে যাচ্ছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন। সেটা হলো আমাদের অনেক প্রবাসী অনেকে বিভিন্ন কাজে যখন যাচ্ছেন, এরকম বিভিন্ন জায়গায় আমাদের কাছে তথ্য আসছে, ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে যাচ্ছেন তারা। ভুয়া ডাক্তার, ভুয়া ইঞ্জিনিয়ারিং- এরকম পাস করে তারা যাচ্ছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেক্ষেত্রে কীভাবে এই ভুয়া সার্টিফিকেট তারা নেয়, কীভাবে এই ভুয়া সার্টিফিকেটসহ তারা যায়, কারা তাদেরকে এ কাজে সহযোগিতা করে এবং তারা নিজেরাও যারা এই কাজটি করছে, তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। ওই ব্যাপারে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় তাদেরকে সহযোগিতা করবে।
এ ধরনের সংখ্যা কত-জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংখ্যাটা বিষয় নয়। এরকম অভিযোগ প্রায়ই পাওয়া যাচ্ছে। হয়তো দেখা গেল সে আসলে ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে গেছে। ওই দেশে গিয়ে ধরা পড়েছে। তারা তো বুঝে ফেলেছে। তখন একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। ওখানে তারা একটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। এটাকে খুব শক্তভাবে হ্যান্ডেল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষক দিবসে পরিবর্তে প্রতি বছরের ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংক্রান্ত উদ্যোগ নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ সংক্রান্ত একটি পরিপত্র ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতি বছরের ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। বিশ্বের প্রায় ১০০টির মতো দেশ এ দিবসটি পালন করে।
নিজস্ব প্রতিবেদক 





















