নিজস্ব প্রতিবেদক :
সংযুক্ত আরব আমিরাতের সব ট্রেডে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা পুনরায় চালু করা, ভিসা পদ্ধতি সহজ করা এবং এক নিয়োগকর্তার কাছ থেকে অন্য নিয়োগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তর সহজীকরণের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও এমিরেটাইজেশন বিষয়ক মন্ত্রী ড. আব্দুল রহমান আল আওয়ারের সঙ্গে বৈঠক করেছেন।
শুক্রবার (৮ মার্চ) সকালে দুবাইয়ে মন্ত্রী আব্দুল রহমান আল আওয়ারের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়াদির মধ্যে আমিরাতে বাংলাদেশি স্নাতক নার্স, কেয়ারগিভার, স্বাস্থ্যসেবা টেকনিশিয়ান, কৃষিবিদ ও কৃষক এবং বিভিন্ন পেশাজীবীসহ সব কর্ম অঙ্গনে আরও বাংলাদেশিদের নিয়োগের বিষয় নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।
আমিরাতের মানবসম্পদ মন্ত্রী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানে কোনো বাধা নেই বলে জানান। তিনি বলেন, আমিরাত সরকার প্রযুক্তিচালিত চাকরির বাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ কর্মী নিয়োগের উপর জোর দিচ্ছে। তিনি সংযুক্ত আরব আমিরাতের কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা প্রক্রিয়ার জন্য এআই এবং এ সম্পর্কিত সফটওয়্যার ব্যবহার সম্পর্কে অবহিত করেন এবং চাকরি প্রার্থীদের দক্ষতা যাচাই পদ্ধতি তুলে ধরেন।
বৈঠকে ড. হাছান কুয়েত সরকারের বাংলাদেশি নার্স নিয়োগের কথা উল্লেখ করে বাংলাদেশ থেকে যোগ্য নার্স ও চিকিৎসা পেশাজীবী নিয়োগের জন্য আমিরাত পক্ষকে অনুরোধ করেন। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী প্রস্তাবকে স্বাগত জানিয়ে ঢাকায় আসন্ন যৌথ কারিগরি কমিটির বৈঠকে কুয়েতি নিয়োগের মডেল পরীক্ষা করবেন বলে আশ্বাস দেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাইন অফ করা নাবিকদের সিডিসি নিয়ে দেশে ফেরার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলো ব্যবহারের চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করেন। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী এটি তার মন্ত্রণালয় জরুরিভাবে দেখবে বলে আশ্বস্ত করেন।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া শাখার মহাপরিচালক বৈঠকে উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 









