নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।
রোববার (১০ মে) ভোরে কদমতলী থানার সাদ্দাম মার্কেট এলাকার গিরিধারায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা বেগম (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। পরিবারটি একটি নয়তলা ভবনের নিচতলায় বসবাস করত। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সকালের দিকে গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন আটতলা বিশিষ্ট ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থাকায় বদ্ধ রুমে গ্যাস জমে থাকায় ভাড়াটিয়া কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলেই বিস্ফোরণ ঘটে। পরে আহত ব্যক্তিদের স্থানীয়দের সহায়তায় জাতীয় বার্নে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে কালামের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তারা প্রত্যেকেই জরুরি বিভাগে চিকিৎসাধীন।
জানা গেছে, কালামের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বলুকদিয়ায়। ফতুল্লার গিরিধারা সাদ্দাম মার্কেটের পাশে নয়তলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি 




















