সাভার (ঢাকা) উপজেলা প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়ার সীমান্তবর্তী ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সীমান্তবর্তী ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালক জুয়েল (৪০), জাকারিয়া (১৩) ও আঁখি আক্তার (২৫)। তাঁরা তিনজনই টাঙ্গাইলের বাসিন্দা বলে জানা গেছে। সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
আহতরা হলেন- লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। তাদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জুয়েল নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া ও আঁখি আক্তারকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহতরা সিএনজির যাত্রী ছিলেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়।
নিহত আঁখি আক্তারের বাবা ও আহত আবুল হোসেন জানান, অটোরিকশাটিতে চালকসহ মোট সাতজন ছিলেন। দুর্ঘটনায় তিনজন নিহত হলেও সাদিয়া নামের ছয় বছরের একটি শিশু অক্ষত রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় পিকআপটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।
সাভার (ঢাকা) উপজেলা প্রতিনিধি 






















