চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে একজনকে ২৫ দিন এবং অপরজনকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) হাটহাজারী নয়াপাড়ায় বিআরটিএ-চট্ট মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত ১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হাটহাজারী উপজেলার নতুনপাড়ার এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৪৫) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)।
ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে বিআরটিএ কম্পাউন্ডে দালালির অভিযোগে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত একজনকে ২৫ দিন ও অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এদিকে নগরের বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মোড়ে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপ আটক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, বিআরটিএ’তে দুই দালালকে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 






















