নিজস্ব প্রতিবেদক :
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এ দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর সোনার দাম কমানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ১৫ হাজার ৮৬৩ টাকা। এই দাম কমানোর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১০ হাজার ৯৬৪ টাকা। এখন আবার দাম বাড়ানো হলো।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
এর আগে গত ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।
সোনার গহনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার গহনার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। আর গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুস আরও জানিয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে গয়না কেনা ও পরিবর্তনে বাজুসের নির্ধারিত নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৫৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৫৫ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
নিজস্ব প্রতিবেদক 



















