সিলেট জেলা প্রতিনিধি :
সিলেট-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ শেরপুর সেতু জরুরি মেরামত কাজের জন্য তিন দিন বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট রুটে চলাচলকারী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, কুশিয়ারা নদীর ওপর অবস্থিত সেতুটির ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়ে রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত চলবে।
নির্দেশনা অনুযায়ী, শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতু দিয়ে এক লেনে যান চলাচল করবে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টা থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এরপর শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সীমিতভাবে এক লেনে যান চলাচল চালু থাকবে। কাজ শেষে রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টার পর সেতুটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
সেতু বন্ধ থাকাকালীন বিকল্প রুট হিসেবে—শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট রুটের যানবাহনকে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। শেরপুর (মৌলভীবাজার)-সিলেট রুটের যানবাহনকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের যানবাহনকে নবীগঞ্জের সৈয়দপুর বাজার-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ চলাকালে যানজট এড়াতে চালকদের নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার এবং নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
সিলেট জেলা প্রতিনিধি 






















