ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বর্তমান সরকারের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তারপরও আগামী ডিসেম্বরের মধ্যে ময়মনসিংহ থেকে সিলেট অথবা ময়মনসিংহ থেকে ঢাকার রেলপথে একটি আন্তঃনগর ট্রেন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রেলপথের যাত্রী সেবা নিশ্চিত করতে ময়মনসিংহ রেল স্টেশনটি আধুনিকায়নের লক্ষ্যে যাত্রীসেড, বিশ্রামাগার, পাবলিক টয়লেট এবং নামাজখানা স্থাপন করা হবে। অর্থাৎ যা করলে রেল সেবা নিশ্চিত হবে, আমরা তা করবো।’
এ সময় নগরীর কাচারিঘাট এলাকায় বেইলি ব্রিজ এবং নগরীর উপযুক্তস্থানে তিনটি ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে জানিয়ে রেল প্রতিমন্ত্রী বলেন, অনেক দাবি উঠেছে, কিন্তু সব দাবি তো পূরণ করা সম্ভব নয়। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। তারপরও বর্তমানে ময়মনসিংহে বন্ধ থাকা মোহনগঞ্জ ট্রেন চালু এবং ট্রেনের কোচ বাড়ানো হবে। এছাড়া উপযুক্ত সমীক্ষার মাধ্যমে ময়মনসিংহ নগরীর যানজট নিরসনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নগরীর চরপাড়ায় একটি ইউলুপ স্থাপন করা হবে।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু স্বপ্ন দেখানো নয়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চান। তিনি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল এবং উন্নয়নের মধ্য দিয়ে গড়ে তুলতে কাজ শুরু করেছেন। বর্তমান সরকারের বয়স মাত্র তিন মাস। এ সময়ের মধ্যেই স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড বিতরণের মাধ্যমে মানুষকে স্বনির্ভর করে গড়ে তুলতে কাজ শুরু হয়েছে।
এর আগে সকালে ময়মনসিংহ নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে স্থানীয় কাচারিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর বেইলি ব্রিজ স্থাপনের স্থান, চরপাড়া এলাকায় ইউলুপ স্থাপনের স্থান এবং বেহাল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে সভার শুরুতে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের ব্যক্তিগত উদ্যোগে নগরীর বস্তিবাসী এবং দরিদ্র পরিবারের সদস্যদের জন্য প্রায় সাত হাজার স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় করপোরেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 




















