টংগিবাড়ী উপজেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পৃথক দুই স্থানে বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আড়িয়াল ইউনিয়নের বিসাউল্লাহ গ্রামের মনির ঢালীর ছেলে রিজান ঢালী (১৮) এবং দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খাঁ (২২)।
টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. নুরে আলম সিদ্দিকী ও স্বজনরা জানান, উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুশাহ গ্রামে জমিতে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে আক্রান্ত হন রিজান ঢালী। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন রাকিব (২২)। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে নিশ্চিত করেন।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, বজ্রপাতে দুই যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহগুলো সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টংগিবাড়ী উপজেলা প্রতিনিধি 




















