কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত জন নিহত ও ছয় জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকের যাত্রী আহত জাহাঙ্গীরের ভাষ্য, মুন্সীগঞ্জের ভবেরচরের মেঘনা ব্রিজের টোলপ্লাজায় এসে ড্রাইভার হেলপারকে ট্রাক চালাতে দেয়। তারপরই দাউদকান্দিতে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন (২১), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), একই গ্রামের বাসিন্দা বিষু মিয়া (৩৫) ও রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৫)।
দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাত জনের প্রাণ যায়। তারা সবাই কাজের সন্ধানে দিনাজপুর থেকে ট্রাকে থাকা চালের বস্তার ওপর চেপে কুমিল্লা ও ফেনীর উদ্দেশে যাচ্ছিলেন।
হানিফ নামে আহত আরেকজন বলেন, সবাই ট্রাকের উপরে ছিলাম। কখন সবাই উড়ে পড়ে গেলাম বুঝতেও পারি নাই। সবাই কাজের সন্ধানে দিনাজপুর থেকে ট্রাকে করে রওনা হয়েছিলাম। এখন হাসপাতালে, আমার হাত ভেঙে গেছে।
দুর্ঘটনায় আহত দিনাজপুরের জাহাঙ্গীর আলম বাবু বলেন, আমরা সবাই কৃষি শ্রমিক। দিনাজপুরের বিভিন্ন উপজেলায় আমাদের বাড়ি। ট্রাকটি চট্টগ্রাম যাওয়ার কথা। আমরা কুমিল্লায় যাওয়ার জন্য ট্রাকটিতে উঠি। মেঘনা ব্রিজ পর্যন্ত চালকই গাড়িটি চালায়। এরপর হেলপার গাড়ি চালানো শুরু করে। আমরা চালের বস্তার ওপর শুয়ে-বসে ব্যাপারটা লক্ষ্য করছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ মাথায় ঝিমুনি দিয়ে ওঠে। মাঠে পড়ে গেলে সবাই আমরা চালের বস্তার নিচে চাপা পড়ি। আমার মাথাটা শুধু বাইরে ছিল। এ কারণেই বেঁচে গেছি। তবে পা ভেঙে গেছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. এরশাদ হোসেন বলেন, আমরা রাত ২টা ৪৩ মিনিটে খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে যাই এবং ট্রকের নিচ থেকে সাতটি লাশ উদ্ধার করি এবং ছয়জনকে জীবিত উদ্ধার করি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আমরা ট্রাকের নিচ থেকে সাতজনের লাশ উদ্ধার করি।
এছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। লাশগুলো দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুমিল্লা জেলা প্রতিনিধি 




















