আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে তিনটি বসতঘর সহ ৪টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসর একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তিনটি পরিবারকে রোববার (২৬ এপ্রিল) দুপুরে তিন বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে শনিবার (২৫ এপ্রিল) রাত তিনটায় আরিফ সরদারের রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পাশাপাশি ঘর হওয়ার কারণে আরিফ সরদারের বসত ও রান্নাঘর, আউয়াল সরদার ও মান্নান সরদারের বসতঘর অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায়। এতে তিনটি পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার মুহূর্তেই সর্বস্বান্ত হয়ে পড়ে। তাদের ঘরবাড়ি, আসবাবসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। তবে পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেছেন।
স্থানীয় বাসিন্দা এনায়েত খান মনু বলেন, গভীর রাতে হঠাৎ আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে তা ভয়াবহ আকার ধারণ করে।
বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা তিনটি পরিবারকে ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল বিতরণ করেন।
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 





















