মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অতীতের সব অনিয়ম ও দুর্নীতি দূর করে বাংলাদেশ বিমানকে একটি স্বচ্ছ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জজকোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে লিগ্যাল এইড আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আইনের সুশাসন নিশ্চিত করতে হবে, যাতে অসহায় মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। এ ক্ষেত্রে আইনজীবী ও বিচারকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আফরোজা খানম রিতা বলেন, ১৭ বছরের দুনীতি, ধ্বংস, অপকর্ম, জঞ্জাল দুই মাসেই দূর করা সম্ভব না। একটু সময় লাগবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আপনারা সরকারকে সহযোগিতা করুন, আমরা সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ গড়বো।
মন্ত্রী বলেন, সামনে বর্ষাকাল, সে জন্য স্থায়ীভাবে নদী শাসন করতে পারছি না। আপাতত অস্থায়ীভাবে নদীতে জিও ব্যাগ ফেলে নদীর পাড়ের স্কুলসহ মানুষের বাড়ি ও জমি রক্ষার চেষ্টা করছি। বর্ষা শেষে আমরা নদী শাসনের জন্য স্থায়ীভাবে কাজ শুরু করব।
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন, আপনারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ, ভালো মনের মানুষকে নির্বাচিত করবেন। যাতে আমরা তাদের সঙ্গে কাজ করে আপনাদের প্রাপ্যটা ঠিক মতো পৌঁছাতে পারি।
জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মো. মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, লিগ্যাল এইড কর্মকর্তা দুরাখসা জাহান প্রিয়াংকা, পিপি নুরতাজ আলম বাহার প্রমুখ।
প্রতিনিধির নাম 























