নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী প্রচারের শেষ জনসভা আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এ জনসমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা এ জনসমাবেশে অংশ নেবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগরীতে দলের আমাদের সর্বশেষ যে কর্মসূচি তা ৯ ফেব্রুয়ারি না করে ৮ তারিখে করবো। এই সংশোধনী আমি জানালাম। প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে বক্তব্য রাখবেন।
তিনি বলেন, ওই জনসভায় ঢাকা ও আশপাশের এলাকার বিএনপির প্রার্থীরা অংশ নেবেন এবং জনসভা সফল করতে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে, যেখানে জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তিনি দাবি করেন, বিএনপি সবসময় জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছে এবং দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হলেও দলটিকে দমন করা যায়নি।
ধানের শীষ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ধানের শীষকে কেবল একটি নির্বাচনি প্রতীক হিসেবে দেখে না, এটি মানুষের আবেগের প্রতীক। সেই আবেগ ধারণ করেই আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ভোট দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াত আমিরের একটি স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না’- এই প্রবাদটি প্রচলিত হয়েছে সত্য আড়াল করার চেষ্টার কারণে। বর্তমানে যা দেখা যাচ্ছে, সেটিও শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, হোটেল সোনারগাঁয়ে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। আসন্ন নির্বাচন সামনে রেখে দলটির নীতি ও কর্মসূচির দিকনির্দেশনা এ ইশতেহারের মাধ্যমে তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
এছাড়া যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 























