সিলেট জেলা প্রতিনিধি :
সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।
রোববার (৩ মে) সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের নামপরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)। অন্য ৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে রয়েছেন-হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো. আলমগীর (৩২), সিলেট নগরের কালিবাড়ি এলাকার মৃত শুকুর উল্লাহর ছেলে তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার লোহারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে রামিন (৪০) ও একই এলাকার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার জফুর আলীর ছেলে রাজা মিয়া (৪৫)।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় শ্রমিক বহনকারী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার শ্রমিক নিহত হন। আহত হন আরও ১১ জন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও চারজনকে মৃত ঘোষণা করেন।
সকালের এই দুর্ঘটনায় আহত অন্য ৭ শ্রমিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে পিক আপ ও ট্রাকের চালক দুজনেই পলাতক রয়েছে। তবে ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।
সিলেট জেলা প্রতিনিধি 
















