সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তমালকে রায়গঞ্জ আমলী আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ওমর ফারুকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে তমাল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জায়গা নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। সভা শেষে ফেরার পথে তার গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে।
এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। গত ২৪ আগস্ট রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে ১৭ আগস্ট মামলার অপর দুই আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁরা সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 




















