নিজস্ব প্রতিবেদক :
ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়ানোর জন্য দেশের সব পরিবহন মালিকদের প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, সরকারিভাবে বাসভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া যাবে না।
সাইফুল আলম বলেন, সম্প্রতি ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে বাসভাড়া সমন্বয় করা প্রয়োজন।
মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রীসাধারণের স্বার্থ বিবেচনায় সরকার নির্ধারিত ভাড়াই আপাতত কার্যকর থাকবে। তবে বাড়তি পরিচালন ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
ইরানের হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অস্থির গোটা বিশ্বের জ্বালানির বাজার। বাংলাদেশেও গত দেড় মাস ধরে জ্বালানি তেল নিয়ে চলছে তীব্র সংকট।
এতদিন জেট ফুয়েল ছাড়া অন্য জ্বালানির দাম না বাড়ালেও শেষ পর্যন্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে বলে শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বেড়েছে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।
নিজস্ব প্রতিবেদক 























