নাটোর জেলা প্রতিনিধি :
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমি শুধু ভারতের কাছে অনুরোধ রাখতে চাই, ভারত বাংলাদেশের ভালো বন্ধু, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র। তাই এই ফ্যাসিস্ট অবৈধ সরকারকে আপনারা আশ্রয়-প্রশ্রয় দেবেন না। আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সে সম্পর্ক বহাল রাখার জন্য হলেও শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে আপনারা ফেরত দেবেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনকালে এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এই ১৭ বছর অবৈধভাবে দেশ শাসন করে এই দেশটাকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশ ধ্বংসকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে ওঠার কারণে দুই বছর আগে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা ও তার দোসররা।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। চক্রান্ত-ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে। আপনার স্থান বাংলাদেশের মাটিতে আর কোনোদিন হবে না।
শেখ হাসিনার কোনো চক্রান্ত সফল হবে না জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এদেশের মানুষ ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে এক আছে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে একইভাবে তার সকল ষড়যন্ত্র রুখে দিবে। বাংলাদেশের মাটিতে আর কোনদিন শেখ হাসিনার স্থান হবে না।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার। এসময় বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
নাটোর জেলা প্রতিনিধি 





















