বিনোদন ডেস্ক :
টিভি পর্দার জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ সম্প্রতি ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে একটি পিকআপের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে তার গাড়ি। বুকে-হাতে-পায়ে আঘাত পেয়েছেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন মৌসুমী নিজেই।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুকে মৌসুমী মৌ কয়েকটি ছবি দিয়েছেন। সেখানে দুর্ঘটনায় তার ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখা গেছে। লিখেছেন, আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি।
শো শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন উল্লেখ করে উপস্থাপক লিখেছেন, শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের ধাক্কা দেয়। আমি গাড়ির বা দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যাথা পাই। কিন্তু বড় ধরণের কোনো কিছু আমার হয়নি।
অভিনেত্রীর গাড়ির পেছনে মোটরসাইকেল ছিলেন তার মেকআপ আর্টিস্ট। ঘটনাটি তার সঙ্গে ঘটলে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হতে হতো ভেবে আঁতকে উঠছেন মৌসুমী। তার কথায়, আমার গাড়ির ঠিক পেছনে বাইকে ছিল আমার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যাপার যদি মুমিনকে পিকআপ ধাক্কা দিত তাহলে মুমিন উড়ে চলে যেত। আর যদি আমার গাড়ির আরেকটু সামনে বা দরজায় মারত তাহলে আমিও হয়তো আর জীবিত থাকতাম না।
পিকআপ চালকের ছবি তুলে রেখেছেন উপস্থাপক। সেটি প্রকাশ করে তার বিরুদ্ধে অভিযোগ এনে লিখেছেন, ড্রাইভারটা চরম বেয়াদব। ওর পিকআপের ব্রেক ঠিক নেই। তার আচরণে মনে হচ্ছিল কিছু খেয়ে সে গাড়ি চালাচ্ছে। ওর মালিক এসে জানালেন ওর গাড়ি চালানোর কথা না। যাই হোক কোনটা সঠিক কোনটা বেঠিক জানি না। বেঁচে আছি ভালো আছি এটাই সবচেয়ে বড় কথা।
দুর্ঘটনার পর মৌসুমীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিশ্রাম নিচ্ছেন তিনি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা।
তবে দুর্ঘটনাটি কোথায় ঘটেছে সেসব বিস্তারিত জানাননি মৌসুমী।
এক দশকের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন মৌসুমী মৌ। অভিনয়-উপস্থাপনায় দারুণ সাবলীল। সঞ্চালনার পাশাপাশি বিশের অধিক টিভি নাটকে অভিনয় করেছেন। নাম লেখিয়েছেন ওয়েবফিল্মেও।
বিনোদন ডেস্ক 























