চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অধিরল্যাংড়ার মোড়-চৌকাপাড়া এলাকার একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রুবেল ও সুমি নামে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
নামোশংকরবাটি উজ্জ্বলপাড়ার বাসিন্দা মরিয়ম বেগমের স্বামীর নাম মোসাদ্দেক হোসেন ওরফে আবুল কালাম। মরিয়ম বেগম বিভিন্ন বাসায় গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) সকালে মরিয়ম বেগম চৌকাপাড়ার মো. রুবেল ও সুমি খাতুনের বাড়িতে যান তাদের দুই সন্তানকে প্রাইভেট পড়াতে। এরপর আর বাড়ি ফিরে আসেননি। রাতেই মরিয়ম বেগমের এক সন্তান সদর মডেল থানায় জিডি করেন। মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ রুবেল ও সুমি দম্পতির বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। ৯৯৯-এ ফোন করেছিলেন রুবেল নিজেই। পুলিশ রুবেল ও সুমিকে আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, রুবেল ও সুমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, স্বর্ণের কানের দুলের জন্য মরিয়মকে হত্যা করা হয়েছে। রুবেল ও সুমির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একজন স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের স্বর্ণের দুটি দুল উদ্ধার করেছে। গতকাল ওই স্বর্ণকারের কাছে দুল দুটি বিক্রি করেছিলেন সুমি। পুলিশ ওই স্বর্ণকারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। মরিয়মের ছেলে মারুফ হোসেন বনি বলেন, গতকাল রাতেও মাকে খুঁজে না পেয়ে রুবেলের বাড়ি গিয়েছিলেন তিনি। কিন্তু সে সময় তারা জানান, প্রাইভেট পড়ানো শেষে তার মা চলে গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 






















