নিজস্ব প্রতিবেদক :
মেট্রোরেল যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
অভিযানে স্টেশনসংলগ্ন অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মোটরসাইকেল পার্কিংয়ের দায়ে মামলা করে জরিমানা আদায় এবং যাত্রী চলাচলে বাধা সৃষ্টি করা একটি ভাসমান খাবারের দোকান জব্দ করে ঢাকা দক্ষিণ সিটির কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মহানগর পুলিশের রমনা থানা, বাংলাদেশ আনসার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা অংশ নেন।
ডিএমটিসিএল জানায়, শাহবাগ মেট্রো স্টেশনের গ্রাউন্ড লেভেলের ‘বি’ গেট থেকে অভিযান শুরু হয়ে পর্যায়ক্রমে স্টেশনের সব প্রবেশপথ এবং আশপাশের এলাকায় পরিচালিত হয়। এ সময় স্টেশনের নিরাপত্তা ও যাত্রী চলাচলে বিঘ্ন সৃষ্টি করা অবৈধ দখল, ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।
ফঁ-২অভিযান চলাকালে বারডেম হাসপাতালের সামনের ফুটপাথে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিংয়ের অভিযোগে মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে দুটি মামলা করা হয় এবং বিধি অনুযায়ী জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া মেট্রোরেল যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি ভ্রাম্যমাণ খাবারের দোকান জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, অভিযানের ফলে শাহবাগ মেট্রো স্টেশনসংলগ্ন এলাকা অবৈধ দখলমুক্ত হয়েছে। এতে যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে।
সংস্থাটি আরও জানায়, মেট্রোরেল স্টেশন ও এর আশপাশের এলাকায় কোনো ধরনের অবৈধ দখল, অননুমোদিত ব্যবসা বা যাত্রী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কার্যক্রম বরদাশত করা হবে না। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 




















