নিজস্ব প্রতিবেদক :
মেট্রোরেলে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় চালু করতে যাচ্ছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগের অনুমোদন মিলেছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
সরকারের নির্বাচনি অঙ্গীকার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া ‘সুবর্ণ পরিচয়পত্র’ দেখিয়ে এই সুবিধা নিতে পারবেন। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বয়স যাচাই করে ছাড় দেয়া হবে।
এর আগে, মেট্রোরেলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ভ্রমণের সুযোগ পেতেন এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ছিল ১৫ শতাংশ ভাড়া ছাড়। নতুন সিদ্ধান্তে সেই ছাড় বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এই সুবিধার আওতায় আনা হচ্ছে।
যদিও দেশে সাধারণভাবে ৬০ বছর বয়সীদের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বিবেচনা করা হয়, তবে মেট্রোরেলের ক্ষেত্রে আপাতত ৬৫ বছর বয়স থেকে এই ছাড় কার্যকর করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য, মেট্রোরেলের পরিচালন ব্যয়, রাজস্ব আয় বজায় রাখা এবং আগামী অর্থবছর থেকে বৈদেশিক ঋণ পরিশোধের বিষয় বিবেচনায় নিয়েই এই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড(ডিএমটিসিএল)-এর হিসাবে, এই বিশেষ ছাড় কার্যকর হলে বছরে প্রায় ১২ কোটি টাকার রাজস্ব কম আসতে পারে, যা মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশের সমান। আর্থিক বিষয় জড়িত থাকায় নিয়ম মেনেই অর্থ বিভাগের মতামত ও অনুমোদন নেয়া হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় চালুর বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতে মেট্রোরেলের আয় ও পরিচালন পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
নিজস্ব প্রতিবেদক 





















