মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জের সদর উপজেলার ভাটবাউর এলাকায় গরু বোঝাই ট্রাকের চাপায় ইয়াসিন (২৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।
বৃহস্পতিবার (২১ মে ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার ভাট বাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসমিন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার চর তিল্লী এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে আটটি গরু নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকে চালকসহ কয়েকজন যাত্রী ছিলেন। একই সময়ে কালো রঙের একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে তিনজন আরোহী মানিকগঞ্জের দিক থেকে আরিচার দিকে যাচ্ছিলেন। পথে ভাট বাউর এলাকায় পৌঁছালে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের একজন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর দুই আরোহী। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানায়।
দুর্ঘটনার পর গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকচালকসহ আরও অন্তত ছয়জন আহত হন। তবে ট্রাকে থাকা আটটি গরুর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গরুর মালিক মো. জিয়াউর রহমান (৪০)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা এলাকার বাসিন্দা।
গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি 























