নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এ সময় দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে এ মিছিল বের করা হয়।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় মহাখালী বাস টার্মিনাল থেকে একটি ব্যানার হাতে প্রায় শতাধিক আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের কর্মী মিছিল বের করেন। মিছিলটি মহাখালী থেকে নাবিস্কোর দিকে এগিয়ে আসে। তারা দৌড়ে দৌড়ে মিছিল করেন। একপর্যায়ে মিছিলে ১০-১৫ জন নারী যোগ দেন।
তৎক্ষণাৎ খবর পেয়ে আশপাশে ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা ব্যানারসহ পালিয়ে যান। পালানোর সময় দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
পথচারী মিঠুন সরকার বলেন, মহাখালীর আইসিডিডিআরবির সামনে কয়েকশ লোকজন জড়ো হয়েছিল। হঠাৎ করেই তারা ব্যনার নিয়ে মিছিল শুরু করে মহাখালী বাস টার্মিনালের দিকে যেতে থাকে।
এ প্রত্যক্ষদর্শী বলেন, আইসিডিডিআরবির সামনে থেকে ছাত্রলীগ মিছিল শুরু করার পরে যুব মহিলা লীগের ২০-২৫ জন নারী মিছিলে যুক্ত হন।
আরেক পথচারী বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শুরু করার পর মহাখালী বাস টার্মিনালের দিক থেকে ২০-২৫ জনের মত নারী তাতে শামিল হন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমান বলেন, দুজনকে আটক করা হয়েছে, তারা আওয়ামী লীগের কর্মী। বাকিদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























