বেনাপোল উপজেলা প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেনাপোল বন্দর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে নির্যাতনের পর হত্যা করে মরদেহটি ধানখেতে ফেলে রেখে গেছে। নিহতের গায়ের রং শ্যামলা। তাঁর পরনে ছিল কালো ট্রাউজার এবং ছাই রঙের গেঞ্জি।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ধারণা করা হচ্ছে, স্বাসরোধ করে হত্যা করে মরদেহটি ধান ক্ষেতে ফেলে রেখে যাওয়া হয়েছে। নিহতের গলায় কয়েকটি চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
বেনাপোল উপজেলা প্রতিনিধি 






















